আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের পদ পুনর্বহাল হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেখ তানভীর বারী হামিমের প্রতি সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ নেই।
ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তানভীর বারী হামিমকে সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ থেকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কার্যকরি কমিটি তাকে শোকজ করেছিল। শোকজের পর প্রকাশ করা একটি ভিডিও বার্তায় হামিম জানিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজনের কারণে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
পদ ফিরে পাওয়ায় হামিম এখন তার দায়িত্ব ও সাংগঠনিক কাজ পুনরায় শুরু করতে পারবেন।