জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের অধ্যাপক এম এ এইচ আরিফ এবং ওয়ারিয়র্স অব জুলাই দলের প্রায় চার হাজার সদস্য। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদ নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে অনলাইনে যুক্ত ছিলেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা এই কাজে অংশ নিয়েছেন বলে দাবি করা হয়। তবে সকল সদস্য এই সময় উপস্থিত ছিলেন না; জানা যায়, ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৫০ সদস্য এই অনুষ্ঠানে ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, তিনি বলেন, ‘হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপিতে একজন কর্মী হয়ে কাজ করব।’ তিনি আরো বলেন, ‘হাজী শরীয়তুল্লাহ কোনো রাজা ছিলেন না, তিনি এ দেশের সাধারণ কৃষক জনগণের নেতা। নেতা আর রাজা হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। আমরা কোনো নেতার ইবাদত করি না। দল করি এই জন্য, যাতে আমাদের নেতা যদি বিপথে চলে যায়, আমরা তাদের ফিরিয়ে আনতে পারি। আমরা দল করি মাত্র, যেন ভুল সিদ্ধান্ত নেওয়া হলে আমি সেঠে ন্যায়ের পক্ষ নিতে পারি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি।’
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, দেশের হারানো পথ ফিরে পেতে এনসিপি কাজ করে যাবে। সংসদে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার জন্য বিএনপির সমালোচনা করে তিনি জানান, এর ফল ভালো হবে না। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার কেন্দ্রগুলোকে তারা নিজেরা ভাগ-বাটোয়ারায় নিয়ে লুটপাটের চেক্টর বানানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, এ বছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, ‘বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে এবং সেটা তারা গর্বের সাথে সংসদে জানিয়েছেন। এটাই আমাদের জন্য লজ্জাজনক। অতীতে যারা এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, তারাই জনগণের দ্বারা ক্ষিপ্ত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘হোসাইন মুহাম্মদ এরশাদ সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, আর তারেক রহমান সেই পথেই এগোচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছেন।’
নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে।