জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে। তিনি এই মন্তব্য করেন শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখার সময়।
নাহিদ ইসলাম বলেন, “এই দেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি—শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছেন। ১৯৪৭-এর স্বাধীনতা সংগ্রাম থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং দেশের একাধিক গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের অনেকেই শ্রমজীবী মানুষ।”
বিএনপি ক্ষমতায় আসে শ্রমজীবী মানুষের রক্তের ওপর বলে অভিযোগ তুলে তিনি বলেন, “নতুন সরকার শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু এক মাসের মধ্যেই তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, নতুন বাংলাদেশের প্রতি বেইমানি করেছে। গণভোটের গণরায়কে পাত্তা দেয়নি—এই সরকার গণবিরোধী।”
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলোকে আইন করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলে দাবি করেন নাহিদ। তিনি সতর্ক করে বলেন, “দেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের ফল ভালো হবে না। গণ-আন্দোলন গড়ে তুলেই শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।”
নাহিদ আরও বলেন, “আমরা একটি নতুন জাতীয় ঐক্যে জড়িত হয়েছি—জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি যে আমাদের অঙ্গীকার ছিল, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ব; রাজনীতি, অর্থনীতি ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব; শ্রমিকদের নতুন ব্যবস্থায় অংশ নিশ্চিত করব। সেই লড়াইতে আমাদের ঐক্য বজায় রাখতে হবে।”
তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় শ্রমিক শক্তি এই ঐক্যের অংশ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জবাবদিহিতার আওতায় আনতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “ঐক্যবদ্ধ হোন। সবাই মিলে দেশকে নেতৃত্ব দিতে হবে এবং নতুন বাংলাদেশের পথে—জুলাইয়ের আন্দোলনের বাংলাদেশকে—সামনের দিকে এগিয়ে নিতে হবে।”
রাজপথে নামার প্রস্তুতিরও আহ্বান দিয়ে তিনি বলেন, “এবার শুধু জাতীয় সংসদ নয়, আমাদের রাজপথেও প্রস্তুতি নিতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব যাতে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিকদের প্রতিটি দাবি বাস্তবায়িত হয়।”