অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে। শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা শেষে নিজ জন্মভূমি চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্ত ভিতে দাঁড় করানো এবং আগামী দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় আরও অগ্রগতি অর্জন করা। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার কাজ করছে।
চট্টগ্রামের বিনিয়োগ ও শিল্পায়নের সুযোগকে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই নগরী দেশের প্রধান লজিস্টিক ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে। তাই এ বছর ঘোষিত বাজেটে চট্টগ্রামের লজিস্টিক অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আনোয়ারায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এছাড়া চট্টগ্রামকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলা এবং চীনের সঙ্গে সমন্বয়ে একটি অর্থনৈতিক হাব তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও লগিস্টিক হাব হিসেবে উন্নয়ন করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
এর আগে এপ্রিলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে অর্থমন্ত্রী জানিয়ে ছিলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। সেই লক্ষ্য পূরণে বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি ও ক্রীড়া অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগোচায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে—এই প্রত্যাশা সরকারের।