কোরিয়ান পপ সেনসেশন ব্যান্ড বিটিএস চারটি প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মে একইসঙ্গে ৮০ মিলিয়ন (৮ কোটি) ফলোয়ার ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে। তাদের এই মাইলফলক এসেছে আগামী ১৩ জুন উদযাপিতব্য ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই, যা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নতুন করে উত্সাহ সৃষ্টি করেছে।
বর্তমানে বিটিএসের অফিসিয়াল স্পটিফাই অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৮৬.২ মিলিয়ন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৮৪.৬ মিলিয়ন, ইনস্টাগ্রামে ৮০.৩ মিলিয়ন এবং টিকটকে অফিসিয়ালি ৮০ মিলিয়ন স্পর্শ করেছে। এই চারটি প্ল্যাটফর্মে একইসঙ্গে এত বড় সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় তারা বিশ্বের প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে অনন্য নজির স্থাপন করেছে।
বিটিএসের এ অর্জন তাদের ভক্তসমাজে (আর্মি) নতুন উদ্দীপনা যোগ করেছে। ‘২০২৬ বিটিএস ফেস্টা’কে ঘিরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়ে গিয়েছে এবং ব্যান্ডের সদস্যরা ধীরে ধীরে সামরিক দায়িত্ব শেষ করে পুনরায় একত্রিত হচ্ছেন—যার ফলে সামনে বড় কোনও ঘোষণা বা সংস্কৃতিক কার্যক্রমের আশা জাগছে।
উল্লেখ্য, গত ৪ জুন সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জংকুক—একসাথে একটি ‘ফ্যামিলি ফটো’ প্রকাশ করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করেছেন। বিশ্বজুড়ে ভক্তরা এখন তাদের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য রিলিজ বা কনসার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।