পবিত্র ঈদুল আজহার আগেই দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দামের ওঠানামার প্রেক্ষিতে মূল্য পুনরায় সমন্বয় করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা — যা প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি।
বাজুস সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে এবং জানিয়েছে এটি সকাল ১০টা থেকে কার্যকর হবে। সংস্থার তথ্য অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দামের হিসেবে হল ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগেও গত ২৩ মে একই পরিমাণে স্বর্ণের দাম কমানো হয়েছিল; কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত বাজুস মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে — যার মধ্যে ৩৭ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩২ দফায় দাম নেমেছে।