ফকিরহাটে ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে ‘সাইজে’ (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবা শনিবার (২৩ মে) ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযুক্তকে আটক করেছে।
পুলিশি অভিযোগে বলা হয়েছে, উপজেলার সাতশৈয়া এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। শারীরিক পরিবর্তন, বমিভাব ও অসুস্থতার লক্ষণ দেখে তার মা বিষয়টি লক্ষ্য করেন। শুক্রবার (২২ মে) একটি পেগনেন্সি কিটে পরীক্ষা করলে গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলার একটি ডায়াগনিস্টিক সেন্টারে গাইনী চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রামে সেটি নিশ্চিত হয়। পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযুক্তের নাম প্রকাশ করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরে কিশোরীর গর্ভপাত হয় এবং পরিবারের পক্ষ থেকে ভ্রূণটি সংরক্ষণ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভিকটিমের ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র। পরিবারের সদস্যরা মাঝে-মধ্যে তার জন্য খাবার পৌঁছে দিতেন। ভিকটিমও কিছু সময় ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত। মাদ্রাসায় যাওয়ার পথে সড়কের পাশে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো একদিন দুপুরে ভাইকে খাবার দিয়ে ফেরার পথে অভিযুক্ত তাকে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়েছে। অভিযুক্তের ভয়ভীতি ও হুমকির কারণে কিশোরী পূর্বে কাউকে বলতে পারেননি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, থানায় ভিকটিমের বাবার দেওয়া অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রাছেক শেককে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। তদন্ত চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া অনুসরণ করা হবে।