মাগুরার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে শুক্রবার দুপুরে একটি সেলুনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামের একজন আগে থেকে সিরিয়াল নিয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় সোহাগ নামের আরেকজন জরুরি কাজে ব্যস্ত আছেন বলে দাবি করে সেলুনে এসে আগে চুল কাটার অনুরোধ করেন। সেলুন কর্মী পরামানিক জানিয়েছেন, জুয়েলের সিরিয়াল আগেই ছিল। জুয়েলকে সিরিয়াল ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তিনি রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে পরিণত হয়।
ঘটনায় আহতরা হলেন লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), কাদের মোল্লা (২৪), জুয়েল মোল্লা (২৮) এবং আরাফাত (২৪)। তাদের উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুয়েল মোল্লা ও কাদের মোল্লা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা। আর আরাফাত গাংনালিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তুলনামূলকভাবে শান্ত আছে।
আঠারোখাদা ইউনিয়নের বিট অফিসার এসআই মনজুরুল ইসলাম বলেন, আমরা ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।