যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে রনি মাহমুদ (৩৫) ও আলমগীর হোসেন (৩৮) নামের দুই জনকে গ্রেফতার করে ড্রাগ কন্ট্রোল ইউনিট। অভিযানে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের পরিচয় অনুযায়ী রনি মাহমুদ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অন্যদিকে আলমগীর হোসেন শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর শাখার উপপরিচালক পারভিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে একটি আভিযানিক দল হামিদপুরে অভিযান চালায়। অভিযানে আসামিদের প্রাইভেট কার (টয়োটা এক্স করোলা) থেকে ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উপপরিচালক আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ে উপপরিদর্শক মদন মোহন সাহা একজন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত রনি মাহমুদ ও আলমগীর হোসেনকে তাৎক্ষণিকভাবে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার পরবর্তী তদন্ত চলছে।