কলম্বিয়ার অভিজাত এলাকা এল চিকোর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে মডেল ও ইনফ্লুয়েন্সার নাতালিয়া ভিয়ালবার (৩৬) এর মরদেহ স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছেন, নাতালিয়া ওই ফ্ল্যাটে ৩ জুন থেকে থাকছিলেন এবং স্থানীয় সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছিল যে তিনি ২১ জুন চেক-আউট করার কথা ছিল।
সংবাদে বলা হচ্ছে, ২২ জুন একজন পরিচ্ছন্নতাকর্মী ফ্ল্যাটে প্রবেশ করে স্যুটকেসের ভেতরে ভরা একটি মরদেহ দেখে পুলিশকে জানান। তৎপরেই তদন্ত শুরু করলে ৪৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলি ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ফস্টার-স্মিথকে নারী হত্যা (ফেমিসাইড) ও প্রমাণ নষ্ট করার অভিযোগে আটক করা হয়েছে। তদন্তে পাওয়া প্রাথমিক প্রমাণে দেখা গেছে, নাতালিয়া একাই থাকার সময় ফস্টার-স্মিথ তাঁর অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছেন; সেখানে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহটি স্যুটকেসে ভরে আড়াল করার চেষ্টা করা হয়। তদন্তকারীরা বলেছেন, ঘটনাস্থলও বিকৃত করা হয়েছিল।
গ্রেপ্তারে ভূমিকা পালন করে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী। বোগোটা মেয়র কার্লোস এফ. গালান জানিয়েছেন, ২৬ জুন ইকুয়েডরের রাজধানী কুইটোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফস্টার-স্মিথকে আটক করা হয়।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ সংবাদপত্র দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ফস্টার-স্মিথ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি ইংল্যান্ডের একটি ফুটবল ম্যাচ দেখছিলেন, পরে একটি শপিং সেন্টারে গিয়েছিলেন, আইসক্রিম খেয়েছিলেন এবং পুনরায় খেলা দেখতে ফিরেছেন।
গ্রেপ্তারের পর ফস্টার-স্মিথের অতীতে হওয়া অপরাধ সম্পর্কেও তথ্য এসেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে স্টকিং (অনুসরণ ও হয়রানি) অপরাধে তিনি দুই বছরের বেশি সময়ের কারাদণ্ড ভোগ করেছিলেন। মুক্তির পর চলতি বছরের জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে একটি হয়রানি প্রতিরোধ আদেশ জারি করা হয়; সেই আদেশে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা নিষিদ্ধ ছিল এবং নিজ ঠিকানা ও ব্যবহৃত যানবাহনের তথ্য পুলিশকে জানাতে হতো।
নাতালিয়ার মৃত্যুর ঘটনায় তদন্ত এখনও চলছে এবং হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো শেষমেশ তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনা কলম্বিয়ায় নারীর ওপর সহিংসতা, বিদেশি নাগরিকদের নিরাপত্তা এবং স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তেড়ে দিয়েছে।
তথ্যসূত্র: মিরর ইউএস ও বিবিসি