নড়াইল সদর উপজেলার ভাটিয়া এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা একই এলাকার মাজেদুল শেখের ছেলে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করিয়ে তাদের মা কিছুক্ষণ ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে মা ঘরে দুই সন্তানকে না পেয়ে আশপাশ ঘেঁটে না পেয়ে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করা হয়।
বাড়ির পাশে থাকা একটি পুকুরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা আবু বক্কর ও ফারুককে অচেতন অবস্থায় পানির মধ্যে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসী এবং নিহত শিশুদের স্বজনরা শোকস্তব্ধ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুটি শিশুই পানিতে ডুবে মারা গেছে; এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে পুকুরপাটি সংরক্ষণ ও শিশুদের তত্পরতা বাড়ানোর আবেদন জানাচ্ছেন।