জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে। তিনি আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় এসব মন্তব্য করেন।
নাহিদ বলেন, ‘‘এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি—শ্রমিকেরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। ১৯৪৭-এর স্বাধীনতা সংগ্রাম থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে যে সকল গণ-অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।’’
তিনি অভিযোগ করেন, ‘‘শ্রমজীবীদের রক্তের ওপর থেকে ক্ষমতায় ওঠা বিএনপি এক মাসের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নতুন সরকারের আগমন শ্রমিকদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই হয়েছে, কিন্তু এক মাসের মধ্যেই তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। তারা গণভোটের গণরায়কে উপেক্ষা করেছে—এই সরকার গণবিরোধী। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।’’
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলো আইন করা ও সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি ছিল, তা বিএনপি ভঙ্গ করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। আমরা গণ-আন্দোলন গড়ে তুলে শ্রমিকদের অধিকারসহ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য বাধ্য করব।’’
নাহিদ আরও জানান, ‘‘আমরা একটি নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ছিল—একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন, রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রত্যেকে ইনসাফ নিশ্চিত করা, নতুন বন্দোবস্তে শ্রমিকদের অংশভাগ নিশ্চিত করা—সেই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’ তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় শ্রমিক শক্তি ঐক্যের পথে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহির আওতায় আনতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘‘আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। নতুন বাংলাদেশের পথে, জুলাইয়ের বাংলাদেশের দেখা স্বপ্নকে এগিয়ে নিতে হবে।’’
শিক্ষিত কর্মসূচি ছাড়াও রাজপথে গিয়ে গণ-আন্দোলন করার প্রস্তুতির তাগিদ দেন তিনি। নাহিদ বলেন, ‘‘এবার শুধু জাতীয় সংসদের পথে নয়, রাজপথেরও প্রস্তুতি নিতে হবে। রাজপথ ও গণ-আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব যাতে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকদের আইনি অধিকার ও অন্যান্য দাবি নিশ্চিত করা হয়।’’