দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে পিয়ংতায়েক এলাকার নিজ আবাসন থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর।
পরিবারের এক সদস্য প্রথম লি সাং-বোরকে মৃত অবস্থায় দেখেন এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহে বাইরের কোন আঘাতের চিহ্ন বা অপরাধজনিত কোন ঘটনার প্রাথমিক লক্ষণ দেখা যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
অভিনেতার পরিবার জানিয়েছে, লি সাং-বোরের শেষকৃত্য আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়েক সেন্ট্রাল ফিউনারেল হোমে অনুষ্ঠিত হবে। পরিবার এবং এজেন্সি শোকসন্তপ্ত মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছে।
লি সাং-বোরের এজেন্সি কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ (কেএমজি) এক শোকবার্তায় জানান, ‘‘আমাদের শিল্পী লি সাং-বোরের প্রয়াণের খবরে আমরা গভীরভাবে শোকাহত। শোকগ্রস্ত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে অনুরোধ করছি এবং অতিরিক্ত কভারেজ বা ভিড় না করার অনুরোধ জানাচ্ছি।’’
লী সাং-বো ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান: চোই জাং সু’ নাটকের মাধ্যমে তিনি অভিনয়জীবন শুরু করেন। পরবর্তী সময়ে ‘প্রাইভেট লাইভস’, দর্শকপ্রিয় ধারাবাহিক ‘মিস মন্টি-ক্রিস্টো’ (২০২১) এবং ২০২৩ সালের ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’সহ কয়েকটি সফল প্রজেক্টে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। বিশেষ করে ‘মিস মন্টি-ক্রিস্টো’তে তার অভিনয় দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়।
ঘটনাটি নিয়ে তদন্তকারী সংস্থাগুলি মরদেহ ও ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তের পরই মৃত্যুর চূড়ান্ত কারণ সম্পর্কে পরিস্কার তথ্য জানা যাবে।