বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে। আজ শনিবার একই দিনের মধ্যে ছয় ঘণ্টার ব্যবধানে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ৪,৫৩৯ টাকা।
বাজুস জানিয়েছে, সকাল ১০টায় এক জরুরি সভার সিদ্ধান্তের পর বিকেলে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে নতুন মূল্য নির্ধারণ করা হয়। ওই নতুন মূল্য একই দিন বিকেল ৪টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে। বাজুস সভায় বলা হয়েছে, তেজাবী সোনার দাম বাড়ায় বাজারে প্রতিফলিত করে দেশেও দাম বাড়ানো হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা সকালে ছিল ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫২৯ টাকা এবং সনাতনী পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।
রুপার দাম এই বার অপরিবর্তিত রাখা হয়েছে, যদিও সকালে একবার রুপার দাম বাড়ানো হয়েছিল। বর্তমান মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি ভরিতে ৫ হাজার ১২৯ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরিতে ৪ হাজার ৪৩১ টাকা এবং সনাতনী নিয়মে রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা রাখা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য সব জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে প্রযোজ্য থাকবে। নির্ধারিত মূল্যের পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটও সংগ্রহ করা হবে।